খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
কেপ টাউনের আগেও বল বিকৃতি হয়েছিল, বিস্ফোরক দাবি উসমান খোয়াজার
কেপ টাউন টেস্টের পাশাপাশি পোর্ট এলিজাবেথ ম্যাচেও বল বিকৃত করা হয়েছিল বলে দাবি করেছেন উসমান খোয়াজা।
কেপ টাউন টেস্টের বহুচর্চিত বল বিকৃতি কাণ্ডের পাশাপাশি আরও একটি ম্যাচে একই ঘটনা ঘটেছিল বলে দাবি করলেন উসমান খোয়াজা। সম্প্রতি প্রকাশিত তাঁর আত্মজীবনী ‘সবর’-এ এই বিস্ফোরক তথ্য সামনে এনেছেন তিনি। খোয়াজার দাবি, কেবল কেপ টাউন নয়, পোর্ট এলিজাবেথ টেস্টেও সিরিশ কাগজ দিয়ে বলের আকৃতি পরিবর্তন করা হয়েছিল। সে বিষয়ে দলের প্রায় সকলেই অবগত ছিলেন বলে জানিয়েছেন তিনি।
নিজের বইতে খোয়াজা লিখেছেন, পোর্ট এলিজাবেথ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের একটি সেশনে বলের সঙ্গে কারচুপি করা হয়। চা-পানের বিরতির পর মাঠে নেমে দেখা যায়, আম্পায়ারদের কাছে থাকা বলটির একপাশ বেশ চকচকে এবং অন্যপাশ অত্যন্ত খসখসে ও শুকনো করা হয়েছে। ওই বিকৃত বল হাতে পেয়ে তাঁর মনে হয়েছিল, এই বল দিয়ে তিনিও সহজেই রিভার্স সুইং করাতে পারবেন। পরে অজি বোলাররা সেই বল থেকেই দারুণ রিভার্স সুইং আদায় করে নেন এবং মাত্র ২৮ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৪টি উইকেট তুলে নেন।
খোয়াজা আরও লিখেছেন, বল এতটাই বেশি সুইং করছিল যে একটি উইকেট পড়ার পর উল্লাসের সময় দলেরই এক বোলার বলে ফেলেন, এরপর যেন আর বল নিয়ে কারচুপি করা না হয়, তাহলে সবার সন্দেহ হবে। যদিও সতীর্থদের অনেকেই সেই কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বল বিকৃতি করেও অবশ্য ম্যাচ জেতা সম্ভব হয়নি অস্ট্রেলিয়ার। এবি ডিভিলিয়ার্সের শতরানের সুবাদে শেষ পর্যন্ত ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। আত্মজীবনীতে একের পর এক বিতর্কিত তথ্য প্রকাশ করে বর্তমানে প্রবল সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন অজি ওপেনার। সেই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বইয়ের প্রচারের জন্য আর কোনও সাক্ষাৎকার দেবেন না।