বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে, আন্তর্জাতিক আদালতের যাওয়ার হুঁশিয়ারি বাংলাদেশের
ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ।
ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হতে পারে ঢাকা। পাকিস্তানের ইসলামাবাদে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ। বিবিসি উর্দুতে প্রকাশিত এক রিপোর্টের ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে।
অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ দাবি করেছেন, শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা করেছেন তা কেবল তাঁর দলের কর্মীদের উজ্জীবিত করার জন্য। তিনি আরও জানান, হাসিনা ঢাকায় ফিরলে তাঁকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। এর আগে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানিয়েছিলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশে ফেরার পরিকল্পনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী। সেই উদ্দেশ্যে তিনি ট্রাভেল নথিপত্র এবং বিমান ব্যবস্থার জন্য বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। আওয়ামী লিগ প্রধানের এই দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে বর্তমান সরকার জানিয়েছে, প্রত্যর্পণের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁর ফেরা গ্রহণযোগ্য হতে পারে।
অন্যদিকে, ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত বুধবার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ার বিষয়টি এবং ঢাকার প্রত্যর্পণ অনুরোধ সম্পূর্ণ পৃথক বিষয়। নির্দিষ্ট কার্যপদ্ধতি অনুযায়ী প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা।