RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতা ও শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা পরিষেবা, অনির্দিষ্টকালের জন্য স্থগিত আবেদন গ্রহণ

আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়ির ভিসা আবেদন কেন্দ্রে আর কোনো কাজ হবে না। গত ১৭ নভেম্বর বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সংস্থার সঙ্গে ভিসা কেন্দ্র পরিচালনার চুক্তি ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার এই চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই কেন্দ্রগুলিতে আর কোনো ভিসা আবেদন জমা নেওয়া হবে না।

বাংলাদেশে বর্তমান পরিস্থিতির কারণে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কথা ঘোষণা করেছেন। এই আবহে ভিসা পরিষেবা বন্ধের সিদ্ধান্তে সাধারণ মানুষ উদ্বিগ্ন। বিশেষ করে যাঁদের আত্মীয়স্বজন বাংলাদেশে রয়েছেন, তাঁরা এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন। ২০২১ সালে কলকাতার সল্টলেকে এবং ২০২২ সালে শিলিগুড়ির সেবক রোডে এই ভিসা আবেদন কেন্দ্রগুলি চালু হয়েছিল।