RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে অস্থির পরিস্থিতি, বাতিল লাকি আলির কনসার্ট

বাংলাদেশে শ্রমিক বিক্ষোভ ও অশান্তির জেরে বাতিল করা হলো ভারতীয় শিল্পী লাকি আলির ঢাকা ও চট্টগ্রামের কনসার্ট।

বাংলাদেশে চলমান শ্রমিক বিক্ষোভ ও অস্থির পরিস্থিতির জেরে বাতিল করা হলো ভারতীয় শিল্পী লাকি আলির কনসার্ট। ১২ নভেম্বর ঢাকায় এবং ১৩ নভেম্বর চট্টগ্রামে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনসার্টের উদ্যোক্তা সংস্থা ইকিউব এন্টারটেনমেন্টের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার অভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকেই টিকিট বিক্রির টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর দ্রোহী আহসান জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠান করা ঝুঁকিপূর্ণ। যদিও প্রশাসনের তরফে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছিল না, তবে নিরাপত্তার খাতিরে অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়েছিল। শিল্পীর সঙ্গে আলোচনার পরেই কনসার্ট বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে বস্ত্র শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ চলছে। শ্রমিকরা ১২ হাজার ৫০০ টাকার পরিবর্তে ৩০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে। নেত্রকোনায় ট্রেনে আগুন এবং ফরিদপুরে বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করা হয়েছে। অশান্তির জেরে ৬৭০টি বস্ত্র কারখানা বন্ধ রাখতে হয়েছে।