RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

হাসিনাকে ফেরানোর জল্পনা ঘিরে উত্তাল বাংলাদেশ, নয়াদিল্লির দিকে আঙুল তারেকের

শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনা ও বিক্ষোভের জেরে উত্তাল বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেখ হাসিনার প্রত্যাবর্তনের জল্পনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। গোপালগঞ্জ-সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। এই পরিস্থিতির নেপথ্যে ভারতের হাত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও তিনি সরাসরি কোনও দেশের নাম করেননি। সীমান্তে ওপার থেকে ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেছেন।

তারেক রহমান দাবি করেছেন, সীমান্ত পারের যে দেশে তাঁরা আশ্রয় নিয়েছেন, সেই দেশটিকেই তাঁরা প্রভু বলে মনে করছেন। প্রভুদের তুষ্ট করার জন্যই বাংলাদেশ ও তার জনগণের বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে বলে তাঁর অভিযোগ। নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামি লিগের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে গোপালগঞ্জে তিনটি থানায় আগুন লাগানোর পাশাপাশি হাসপাতালেও হামলা চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির স্থানীয় সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘর। জুলাই মাসের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনাকে।

তারেকের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারত কোনও মন্তব্য করতে চায় না। ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট এবং সঙ্গতিপূর্ণ। বাংলাদেশেক সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি। দুই দেশের ঐতিহাসিক ও যৌথ সাংস্কৃতিক সম্পর্কের ওপর ভিত্তি করেই এই অবস্থান গড়ে উঠেছে বলে তিনি জানিয়েছেন।