পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ভুয়ো নথিতে ভারতে বাস, পেট্রাপোলে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা
সাত বছর ভারতে অবৈধভাবে থাকার পর ভুয়ো পাসপোর্ট দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই ধরা পড়ে গেলেন এক বাংলাদেশি মহিলা।
ভারতে প্রায় সাত বছর অবৈধভাবে কাটিয়ে বাংলাদেশে ফেরার সময় এক মহিলাকে আটক করা হয়েছে। ধৃতের নাম সালমা বিবি। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁর দেশত্যাগের পরিকল্পনা ছিল।
ইমিগ্রেশন দপ্তরে ভারতীয় পাসপোর্ট দেখানোর পর সন্দেহ দানা বাঁধে। পুরোনো তথ্য খতিয়ে দেখে আধিকারিকেরা বুঝতে পারেন, অতীতে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেই তিনি এ দেশে প্রবেশ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে যাননি। নদিয়ার শান্তিপুরে দীর্ঘদিন ধরে তিনি লুকিয়ে ছিলেন বলে জানা গিয়েছে। এ দেশে থাকার সুবাদে তিনি একাধিক ভুয়ো পরিচয়পত্র ও পাসপোর্ট বানিয়ে ফেলেছিলেন।
অবশেষে সেই ভুয়ো পাসপোর্ট ব্যবহার করে সীমান্ত পার হওয়ার সময় তিনি ধরা পড়ে যান। তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি এতদিন এ দেশে ছিলেন এবং এই ভুয়ো নথি তৈরিতে কারা তাঁকে সাহায্য করেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।