RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ওটিপি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষ লক্ষ টাকা, সর্বস্বান্ত দুর্গাপুরের ব্যবসায়ী

দুর্গাপুরের এক কাপড় ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওটিপি ছাড়াই পাঁচ লক্ষাধিক টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কোনও রকম ওটিপি শেয়ার না করেই এক কাপড় ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা অন্নপূর্ণা মালাকার ও তাঁর স্বামী পরিমল মালাকারের একটি কাপড়ের দোকান রয়েছে। দোকান চালিয়ে তিলে তিলে জমানো ৫ লক্ষ ৪৭ হাজার টাকা তাঁরা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে রেখেছিলেন। পুজোর পর মহাজনদের বকেয়া মেটানোর কথা ছিল ওই টাকা দিয়ে। সম্প্রতি ব্যাঙ্কের পাশবই আপডেট করতে গিয়ে তাঁদের নজরে আসে এই ঘটনা। পাশবই পরীক্ষা করে তাঁরা দেখতে পান, অ্যাকাউন্টে জমা থাকা ৫ লক্ষ ৪৭ হাজার টাকার মধ্যে পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। बाकी সমস্ত অর্থ উধাও হয়ে গিয়েছে। ঘটনার জেরে চরম আর্থিক সংকটে পড়েছেন ওই দম্পতি। ব্যবসায়ী অন্নপূর্ণার দাবি, তিনি কাউকে কোনও ওটিপি দেননি এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতিও কাউকে দেননি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে আশঙ্কা তাঁদের। ঘটনার পর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হল, তা খতিয়ে দেখছেন সাইবার অপরাধ দমন শাখার আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই ব্যবসায়ী পরিবার। পুলিশ জানিয়েছে, সাইবার জালিয়াতির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।