কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কলকাতায় বসে বিহারের বিদ্যুৎ সংস্থার অ্যাকাউন্টে জালিয়াতি, কাঠগড়ায় ব্যাঙ্ক ম্যানেজার
বিহারের বিদ্যুৎ সংস্থার অ্যাকাউন্ট থেকে জাল চেকের মাধ্যমে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠল এক ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে।
বিহারের একটি বিদ্যুৎ সংস্থার অ্যাকাউন্ট থেকে প্রায় পৌনে তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তর কলকাতার জোড়াবাগান থানায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পোস্তা শাখার ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনার শাস্ত্রীনগর শাখায় ওই বিদ্যুৎ সংস্থার অ্যাকাউন্ট রয়েছে। পোস্তা শাখার ব্যাঙ্ক ম্যানেজার ষড়যন্ত্র করে সেই অ্যাকাউন্টের গোপন তথ্য, চেকের বিবরণ এবং নমুনা স্বাক্ষর সংগ্রহ করেন। এরপর সেই সমস্ত তথ্য সহযোগীদের হাতে তুলে দেন অভিযুক্ত ম্যানেজার।
গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ৫৬টি জাল চেক ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে মোট ২ কোটি ৭২ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা তুলে নেওয়া হয়। পরবর্তীতে সেই টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয়। বিদ্যুৎ সংস্থার আধিকারিকরা বিষয়টি বুঝতে পেরে জোড়াবাগান থানায় অভিযোগ জানান।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হতে পারে।