কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
বরানগরে তরুণী খুন, দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত
বরানগরে তরুণী খুনের ঘটনায় দিল্লি থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
বরানগরে তরুণী অঞ্জলি সাউকে খুনের ঘটনায় দিল্লি থেকে ধরমবীর কুমার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বরানগরের একটি বন্ধ ফ্ল্যাট থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ধৃতের এবং তাঁরা একসঙ্গে পাবজি গেম খেলতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই খুন। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ অঞ্জলি ওই বিল্ডিংয়ে ঢোকেন এবং পরে ধরমবীরও সেখানে যান। বিকেল ৪টে নাগাদ অভিযুক্ত বেরিয়ে গেলেও অঞ্জলি বাইরে আসেননি। এর পর বন্ধ ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানতে পেরেছে, গত রবিবার কলকাতায় এসে দক্ষিণেশ্বরের একটি গেস্ট হাউসে উঠেছিলেন ধরমবীর। মঙ্গলবার সেখান থেকে বেরিয়ে হাওড়া স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেসে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। মোগলসরাই স্টেশনে পৌঁছে মৃতার ফোনটি সুইচ অফ করে দেন অভিযুক্ত। মৃতার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে পরিবারের কাছে বিভিন্ন রহস্যজনক মেসেজ ও ফোন আসে। বৃহস্পতিবার দিল্লির আনন্দ বিহার স্টেশন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। খুনের আসল কারণ জানতে ধৃতকে জেরা করা হচ্ছে।