কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
বরানগরে তরুণী খুন, জেরায় চাঞ্চল্যকর তথ্য জানাল ধৃত
অনলাইন গেমের সঙ্গী তরুণীকে খুনের অভিযোগে গ্রেপ্তার ধরমবীর জেরায় জানিয়েছে, তার কথা না শোনার কারণেই সে এই কাণ্ড ঘটিয়েছে।
অনলাইন গেমের পরিচিতির জেরে বরানগরে তরুণীকে খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে ধৃত ধরমবীর কুমার জানিয়েছে, কথা না শোনার কারণেই সে ওই তরুণীকে খুন করেছে। ২০২১ সালে একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে দু'জনের আলাপ হয়েছিল। পরে অন্য মেয়েদের সঙ্গে ওই যুবকের কথা বলা নিয়ে দু'জনের মধ্যে বিরোধ তৈরি হয়। গত ১০ নভেম্বর বরানগরের একটি ফ্ল্যাটে এই বিষয়ে ফের বচসা শুরু হয়।
পুলিশ সূত্রের খবর, রাগের বশে গলায় ফাঁস দিয়ে তরুণীকে খুন করে ধরমবীর। অপরাধের পর সে মৃতার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। তদন্তকারীদের বিভ্রান্ত করতে ওই ফোন থেকেই পরিবারের লোকজনকে বিভিন্ন বার্তা পাঠাতে শুরু করে সে। উত্তরপ্রদেশের কানপুরে নিজের গ্রামে ফিরে চাষবাস করে নতুন জীবন শুরু করার ছক কষেছিল ধৃত।
কিন্তু শেষরক্ষা হয়নি। হাওড়া থেকে ট্রেনে পালিয়ে যাওয়ার পর দিল্লি পৌঁছয় সে। শেষ পর্যন্ত দিল্লির আনন্দবিহার স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।