RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

মৃত্যুর পরও ক্লাবের পাশে, ক্যাম্প ন্যুর কাছে বিশেষ স্মৃতিসৌধ বানাচ্ছে বার্সেলোনা

মৃত্যুর পরও প্রিয় ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পারবেন সমর্থকরা, ক্যাম্প ন্যুর কাছে বিশেষ স্মৃতিসৌধ বানাচ্ছে বার্সেলোনা।

মৃত্যুর পরও প্রিয় ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত থাকার সুযোগ করে দিচ্ছে স্পেনের ক্লাব বার্সেলোনা। ক্যাম্প ন্যু স্টেডিয়ামের কাছে একটি বিশেষ স্মৃতিসৌধ তৈরি করছে ক্লাবটি। যার নাম দেওয়া হয়েছে ‘বার্সেলোনা মেমোরিয়াল’।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, মাঠের কাছেই ১৫০০ স্কোয়ার মিটারের ওই স্মৃতিসৌধে ২৬ হাজারটি জায়গা রাখা হচ্ছে। সমর্থকদের মৃত্যুর পর তাঁদের চিতাভস্ম বা অস্থি সেখানে রাখার ব্যবস্থা থাকবে। সমর্থকদের দাবি, মৃত্যুর পরও যাতে তাঁরা দলের খেলা এবং গ্যালারির গর্জন শুনতে পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ।

এই বিশেষ পরিষেবার জন্য খরচ কিছুটা বেশি। বিভিন্ন মেয়াদে এই জায়গা বুক করা যাবে। ১০ বছরের চুক্তির জন্য ২৪৯০ ইউরো এবং ৫০ বছরের জন্য ৬ হাজার ইউরো খরচ পড়বে। এ ছাড়া বার্ষিক ৭০ ইউরো রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে। চিরজীবনের জন্য জায়গা নিশ্চিত করতে খরচ পড়বে ১০ হাজার ইউরো। সেই সঙ্গে স্মৃতিফলকের জন্য অতিরিক্ত অর্থ দিতে হবে। সব মিলিয়ে সর্বোচ্চ খরচ পড়তে পারে সাড়ে ১০ লক্ষ টাকার কাছাকাছি।

গত কয়েক বছরে ক্লাবের আর্থিক অবস্থা ভালো নয়। এর আগে ক্যাম্প ন্যুতে বিয়ের অনুষ্ঠান ভাড়াও দেওয়া হয়েছিল। এই স্মৃতিসৌধ তৈরির নেপথ্যেও আর্থিক লাভের কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিপক্ষ দলের সমর্থকরা। তবে স্পেনের অন্য ক্লাব যেমন আটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস বা এসপানিওলেরও এমন ব্যবস্থা রয়েছে।

বেশ কয়েক বছর ধরে ক্যাম্প ন্যু স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছে। ম্যাচ চলাকালীনও স্টেডিয়ামের বিভিন্ন অংশে কাজ চলছে। তার মধ্যেই এই নতুন পরিকল্পনা ঘোষণা করল ক্লাব কর্তৃপক্ষ।