পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মেয়াদ শেষের আগেই পদত্যাগ, বারুইপুরে ভাঙছে পুরবোর্ড
আর্থিক অনটনের জেরে মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা।
মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন বারুইপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং একাধিক কাউন্সিলর। আর্থিক সংকটের জেরে পুরসভার কাজকর্ম চালাতে সমস্যা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত সাড়ে ছ’মাস ধরে আর্থিক অসচ্ছলতার কারণে কর্মীদের বেতন দিতে সমস্যা হচ্ছে। সেই সঙ্গে রাস্তাঘাট ও অন্যান্য প্রশাসনিক কাজকর্মেও বাধা আসছে। পাশাপাশি, চেয়ারম্যান ও কাউন্সিলরদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তাঁদের দাবি, এই সমস্ত মামলা ভিত্তিহীন এবং এর ফলে তাঁরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। এই পরিস্থিতিতে চলতি মাসের শেষের দিকে তাঁরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সপ্তাহে একটি শেষ বোর্ড মিটিং ডাকা হয়েছে। সেই বৈঠকেই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর পর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। নিয়ম অনুযায়ী পরবর্তী ভোট না হওয়া পর্যন্ত পুরসভায় প্রশাসক নিয়োগ করা হবে।