RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

উন্নয়ন দেখতে গিয়ে কোদাল হাতে মাটি কাটলেন বিডিও, ঝাড়গ্রামে প্রশংসায় ব্লক প্রশাসন

গ্রামীণ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে শ্রমিকদের সঙ্গে কোদাল হাতে মাটি কাটলেন গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও।

গ্রামীণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে নিজেই কোদাল হাতে মাটি কাটলেন এক আধিকারিক। গোপীবল্লভপুর-২ ব্লকের বিডিও রাহুল বিশ্বাস তপসিয়া গ্রামের সরডিহা এলাকায় যান সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে। সেখানে জনস্বার্থে একটি বিতরণ খাল খননের কাজ চলছে। সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার পাশেই তৈরি হচ্ছে এই খাল। শ্রমিকদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই কোদাল তুলে নেন ওই আধিকারিক। শ্রমিকদের পাশেই দাঁড়িয়ে মাটি কাটার কাজে হাত লাগান তিনি। তাঁর এই উদ্যোগ দেখে উৎসাহিত হন সেখানে কর্মরত শ্রমিকেরাও। ওই এলাকায় খাল খনন ছাড়াও পুকুর কাটা এবং নিকাশি নালা তৈরির কাজ চলছে। এর ফলে গ্রামের পরিকাঠামো উন্নত হওয়ার পাশাপাশি জল সংরক্ষণ ও নিকাশির সুবিধা মিলবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রকল্পের সঙ্গে আরও বেশি সংখ্যক গ্রামীণ মানুষকে যুক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়ে কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বিশেষ বৈঠকও করা হয়েছে। বিডিও রাহুল বিশ্বাস জানান, এলাকায় স্থায়ী পরিকাঠামো তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। কাজের গতি বাড়াতে এবং শ্রমিকদের মনোবল বাড়াতেই তিনি নিজে কাজে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন। আধিকারিকের এমন সরল আচরণ ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের নজর কেড়েছে।