RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

তোলাবাজি বন্ধ হোক, দলের কর্মীদের সংযত হওয়ার বার্তা শমীকের

পানিহাটির ঘটনার পর দলের কর্মীদের সংযত হওয়ার ও মানুষের কাছে যাওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপি কর্মীদের সংযত থাকার এবং মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিলেন দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পানিহাটিতে এক ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে দলেরই যুব মোর্চা নেতার বিরুদ্ধে। এই পরিস্থিতির মধ্যেই নেতা-কর্মীদের সতর্কবার্তা দিয়েছেন তিনি।

নিউ আলিপুরের ট্রায়াঙ্গুলার পার্কে বিরসা মুন্ডার ১৫১তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানাতে গিয়ে শমীক বলেন, মানুষের ভোটে দল জিতেছে এবং মানুষকে সম্মান জানাতে হবে। থানায় বেশি ঘোরাঘুরি না করে সাধারণ মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শমীক অভিযোগ করেন, রাজ্যে দীর্ঘদিন ধরে আদিবাসীদের নিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি চলেছে। পাশাপাশি ধর্মান্তকরণ নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, জোর করে ধর্ম পরিবর্তনের চেষ্টা বরদাস্ত করা হবে না। গেরুয়া পোশাক ও সংস্কৃতির অবমাননার বিরুদ্ধেও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।