RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

ভিক্ষার নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিতর্কে বাংলাদেশের ফকির কমিটি

বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ভিক্ষার নির্দিষ্ট সময় ও শাস্তির কথা ঘোষণা করে বিতর্কে জড়ালেন এক ব্যক্তি।

বাংলাদেশে ভিক্ষাবৃত্তির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিতর্কের মুখে পড়লেন এক ব্যক্তি। ময়মনসিংহ জেলার ফুলপুর বাজারে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, হুইলচেয়ারে বসা আনোয়ার নামের এক ব্যক্তি নিজেকে ‘ফকির কমিটির’ সভাপতি বলে দাবি করেছেন।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে আনোয়ারকে বলতে শোনা গিয়েছে, মঙ্গলবার বাদ দিয়ে বাকি দিনগুলিতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। নিয়ম অমান্য করলে তিনদিনের হাজতবাস এবং দেড় হাজার টাকা জরিমানার হুমকিও দিয়েছেন তিনি। তাঁর গলায় ঝোলানো ছিল একটি পরিচয়পত্র। এমন নির্দেশ দেওয়ার এক্তিয়ার ওই ব্যক্তির রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশ মনে করছেন, নির্দিষ্ট সময় থাকলে রাস্তাঘাটে ভিড় কমবে।

ভিডিওটি পুলিশের নজরে এসেছে। ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানিয়েছেন, ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।