খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
মিজোরামকে উড়িয়ে মুস্তাক আলিতে জয়ের হ্যাটট্রিক বাংলার, শীর্ষে লক্ষ্মীরতন শুক্লার দল
মিজোরামকে ৯৩ রানে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল বাংলা, গ্রুপের শীর্ষে লক্ষ্মীরতন শুক্লার দল।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের ধারা বজায় রাখল বাংলা। প্রথম ম্যাচে হারের পর টুর্নামেন্টে এটি তাদের পরপর তৃতীয় জয়। মুম্বইয়ের বান্দ্রা কুর্লা স্টেডিয়ামে মিজোরামের বিরুদ্ধে ৯৩ রানে জয় পেল লক্ষ্মীরতন শুক্লার দল। এই জxর ফলে এ গ্রুপের শীর্ষে পৌঁছে গেল বাংলা।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯৬ রান তোলে বাংলা। দলের হয়ে অভিষেক পোড়েল ৩০ বলে ৫২ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। অন্য ওপেনার করণ লাল ৪১ বলে ৬৭ রান করেন, যার মধ্যে ছিল ন’টি চার ও একটি ছক্কা। এছাড়া শাকির গান্ধি ২৭ বলে ৪২ এবং ঋষভ চৌধুরী ২২ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মিজোরাম। প্রথম ওভারেই উইকেট নেন মহম্মদ শামি। তবে বল হাতে প্রধান আলো কাড়েন ঋষভ চৌধুরী ও করণ লাল। ঋষভ ২১ রান খরচ করে চার উইকেট নেন। অন্যদিকে করণ ১৪ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। মুকেশ কুমার ও সায়ন ঘোষ একটি করে উইকেট পান। নির্ধারিত ওভারে মিজোরাম ১০৩ রানে থেমে যায়।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে বাংলা। দলের নেট রান রেট ২.১৫০। এই জয়ের ফলে আগামী ম্যাচের আগে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেল দলটির।