RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

কর্্নাটকের কাছে ১৯ রানে হার বাংলার, জলে গেল সুদীপ ও শাহবাজের হাফসেঞ্চুরি

সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে কর্নাটকের বিরুদ্ধে ১৯ রানে হেরে গেল বাংলা।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফির প্রথম ম্যাচে কর্নাটকের কাছে ১৯ রানে হেরে গেল বাংলা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিমন্যু ঈশ্বরণের দল ১৯ রানে ম্যাচ হারে। প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে ১৮৪ রান তোলে কর্নাটক। দলের হয়ে করুণ নায়ার ৩৫ বলে ৫৩ রান করেন। প্রবীণ দুবে ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে সফল সায়ন ঘোষ। পিতৃকৃত্য সেরে মাঠে ফিরে ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। তবে মহম্মদ শামি ও মুকেশ কুমাররা প্রচুর রান খরচ করেন। শামি ৪ ওভারে ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন। মুকেশ ৪৫ রান খরচ করে পান ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ এবং ঋষভ চৌধুরী খাতা খুলতে পারেননি। ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাকে লড়াইয়ে ফেরান সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ। সুদীপ ৪২ বলে ৬৫ রান করেন। শাহবাজের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৬ রান। দুজনেই চারটি করে ছক্কা হাঁকান। তবে তাঁরা আউট হতেই বাংলার জয়ের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৬৫ রানে থেমে যায় বাংলার ইনিংস।