RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

পোখরানে সফল পরীক্ষা, সেনার জন্য আসছে নতুন ড্রোন প্রতিরোধী অস্ত্র

রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষা হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন প্রতিরোধী অস্ত্র ভার্গবাস্ত্রের।

শত্রুর ড্রোনের আক্রমণ প্রতিহত করতে নতুন প্রযুক্তি আনছে ভারতীয় সেনা। রাজস্থানের পোখরানে সফলভাবে পরীক্ষা করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি কাউন্টার-সোয়ার্ম ড্রোন ব্যবস্থা 'ভার্গবাস্ত্র'। সফল পরীক্ষার পর অচিরেই এই সরঞ্জামটি সেনাবাহিনীর বহরে যুক্ত হতে চলেছে।

সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেড জানিয়েছে, গত ২০ থেকে ২৪ নভেম্বর পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই অস্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ড্রোনের দলকে লক্ষ্য করে একাধিক রকেট এবং নির্দেশিত মাইক্রো-মিসাইল নিক্ষেপ করা হয়। সংস্থার দাবি, প্রতিটি অস্ত্রই নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত হেনেছে। এই ব্যবস্থা একসঙ্গে শত্রুর একাধিক ড্রোন চিহ্নিত করতে, তাদের অনুসরণ করতে এবং ধ্বংস করতে পারে।

এই প্রতিরক্ষা ব্যবস্থায় দুটি স্তর রয়েছে। প্রথম স্তরে আছে চৌষট্টিটি টিউবের এয়ার ডিফেন্স রকেট লঞ্চার এবং দ্বিতীয় স্তরে রয়েছে সমসংখ্যক গাইডেড মাইক্রো-মিসাইল। এই মিসাইলগুলিতে সয়ংক্রিয় দিকনির্ণয় ব্যবস্থা এবং ইনফ্রারেড সিকার রয়েছে। শত্রু ড্রোন খুঁজে বের করতে দশ কিলোমিটার পর্যন্ত পরিসর বিশিষ্ট রাডার, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর এবং ইলেকট্রো-অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের মেক-২ প্রকল্পের আওতায় ভারতীয় সেনার প্রয়োজন অনুযায়ী এটি তৈরি হচ্ছে। এই প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হবে ২০২৭ সালের ৩১ মার্চ। এর পরে প্রোটোটাইপ প্রদর্শন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি।