RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দেব দীপাবলিতে কাটমানির অভিযোগ, ভাটপাড়ায় সিপিএম অফিসে তালা

দেব দীপাবলির গঙ্গা আরতি অনুষ্ঠানে কাটমানি নেওয়ার অভিযোগে ভাটপাড়ায় সিপিএমের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

দেব দীপাবলি উৎসবে গঙ্গা আরতি অনুষ্ঠানে আর্থিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ভাটপাড়ায় রাজনৈতিক উত্তেজনা ছড়াল। সিটু নেত্রী তথা সিপিএম সদস্য গার্গী চট্টোপাধ্যায়ের অভিযোগ, ভাটপাড়ার কাঁকিনাড়া ঘাটে আয়োজিত গঙ্গা আরতির অনুষ্ঠানে বরাদ্দ তহবিলে কাটমানি নেওয়া হয়েছে। গত মঙ্গলবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং।

সিপিএম নেত্রীর এই অভিযোগের পর বিজেপি নেতা রানা বসুর নেতৃত্বে কর্মী-সমর্থকরা বাদামতলায় সিপিএমের দলীয় কার্যালয়ে যান। সেখানে দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ। গার্গী চট্টোপাধ্যায়কে হেনস্তা করা হয় বলেও অভিযোগ উঠেছে। এরপর সিপিএমের পার্টি অফিসে তালা ঝুলিয়ে চাবি নিয়ে চলে যান বিজেপি কর্মীরা। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নিষ্ক্রিয় ছিল বলে সিপিএমের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার একটি মিছিলের ডাক দিয়েছে সিপিএম।

সমস্ত অভিযোগ অস্বীকার করে মন্ত্রী অর্জুন সিং দাবি করেছেন, এই অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও অর্থ বরাদ্দ ছিল না। প্রায় এক কোটি টাকা খরচ করে মুম্বই ও বারাণসীর শিল্পীদের এনে ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠানটি করা হয়েছে বলে জানান তিনি। কাটমানির অভিযোগের প্রমাণ আরটিআই-এর মাধ্যমে সামনে আনার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অর্জুন সিং।