পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজারহাটে কোটি টাকা উদ্ধারকাণ্ডে টুলু মণ্ডলকে তলব ভবানীভবনের
রাজারহাটে গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার মামলায় বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ভবানীভবনে তলব করল সিআইডি।
রাজারহাটে গাড়ি থেকে টাকা উদ্ধার মামলায় বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে তলব করল পুলিশ। শুক্রবার দুপুর দুটোয় তাঁকে ভবানীভবনের এসওজি বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিউড়ির সুভাষপল্লির বাড়িতে নোটিস পাঠিয়ে এই তলব করা হয়েছে।
গত বছরের নভেম্বর মাসে রাজারহাটে একটি গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ। সেই মামলায় বীরভূমের দুই বাসিন্দা ইমরান খান এবং আক্রাম খানকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে পুলিশ জানতে পারে, গাড়িটি বীরভূম থেকে আসছিল। গোয়েন্দাদের অনুমান, ওই টাকা পাথর খাদানের। পরে মামলাটির তদন্তভার হাতে নেয় সিআইডি।
এই ঘটনার পর থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন টুলু মণ্ডল। আদালতের নির্দেশের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস কী, তা জানতে চান তদন্তকারীরা।
এই বিষয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, টুলু মণ্ডল সাধারণ মানুষের টাকা নয়ছয় করেছেন। তিনি আদালত গেলেও রেহাই পাবেন না। তাঁর দাবি, টুলু মণ্ডল যদি নিজে সব কিছু খুলে বলেন, তবে হয়তো কিছুটা সুরক্ষা পেতে পারেন। সিআইডির তলবে তিনি শেষ পর্যন্ত হাজিরা দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।