বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
সিন্ধু প্রদেশ ভাঙার চেষ্টা চলছে, করাচিতে রক্তের বন্যা বইবে, হুঁশিয়ারি বিলাওয়ালের
সুকৌশলে সিন্ধু প্রদেশকে ভেঙে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করে শাহবাজ সরকারকে সতর্ক করলেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
পাকিস্তানের সিন্ধু প্রদেশকে সুকৌশলে ভেঙে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তাঁর দাবি, পাক সেনাপ্রধানের ঘনিষ্ঠ সেদেশের গৃহমন্ত্রী মহসিন নাকভি সিন্ধু প্রদেশকে ভেঙে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছেন। জোর করে এমন পদক্ষেপ করা হলে করাচিতে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শাহবাজ শরিফ প্রশাসনের অংশ হয়েও বিলাওয়ালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
এর আগে গত মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিলাওয়াল বলেন, পাকিস্তানের রাজনৈতিক বন্দিদের জেল থেকে মুক্তি দিতে হবে। সব প্রধানমন্ত্রীকেই জেলে যেতে হয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক বদলা নেওয়ার এই সংস্কৃতি কতদিন চলবে। ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে পাকিস্তানের প্রায় সব শাসককেই জেল খাটতে হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ইমরান খানের দল পিটিআই-কে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি। পিটিআই ভুল করলেও রাজনৈতিক ঐকমত্য গড়ার জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনা জরুরি বলে মত তাঁর।
সিন্ধু প্রদেশ বিভাজনের প্রসঙ্গ টেনে বিলাওয়াল স্পষ্ট ভাষায় জানান, জোর করে প্রদেশ ভাগ করলে সমাজে বিভাজন তৈরি হবে এবং বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা হলে করাচিতে রক্তের বন্যা বইবে, যা তিনি দেখতে চান না।