পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যের স্কুলেও বায়োমেট্রিক হাজিরা, চালু হচ্ছে নতুন বছর থেকে
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে, যা আগামী বছরের শুরু থেকে কার্যকর হবে।
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করতে চলেছে সরকার। আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ২ জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে। এর আগে ডিসেম্বর মাস থেকেই পাইলট প্রজেক্ট শুরু হবে বলে জানানো হয়েছে।
এতদিন রাজ্যের স্কুলগুলিতে ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া এবং ৪ লক্ষ শিক্ষক-শিক্ষিকার হাজিরা খাতায়-কলমে নথিভুক্ত করা হত। রোল কল করতে অনেকটা সময় নষ্ট হওয়ায় পড়াশোনার সময় কমে যেত। সেই প্রথাগত পদ্ধতিতে বদল এনে এবার ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়ের ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। আগামী মাস থেকেই এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে রাজ্যে।