পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যের স্কুলেও বায়োমেট্রিক হাজিরা, নতুন নিয়ম চালু ২ জানুয়ারি থেকে
আগামী বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্যের স্কুলগুলিতে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক ও পড়ুয়াদের উপস্থিতি নথিবদ্ধ করা হবে।
নতুন বছরে রাজ্যের স্কুলগুলিতে বড় বদল আনতে চলেছে শিক্ষা দফতর। আগামী বছরের ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়া শুরু হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাইলট প্রজেক্ট হিসেবে চলতি ডিসেম্বরেই এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এতদিন খাতায় কলমে শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করা হতো। নতুন নিয়মে ফেস রেকগনিশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই ব্যবস্থায় শিক্ষক ও শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়াদের উপস্থিতি রেকর্ড করা হবে। প্রতিটি পড়ুয়ার ছবি তুলে এই সিস্টেমে যুক্ত করা হবে। এর ফলে ছাত্রছাত্রীরা কবে স্কুলে উপস্থিত থাকছে, সেই তথ্য সরাসরি স্কুল তো বটেই, বিকাশভবনেও পৌঁছে যাবে।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ক্লাসের শুরুতে রোল কল করার দীর্ঘ প্রক্রিয়ায় অনেকটা সময় নষ্ট হয়। নতুন বায়োমেট্রিক ব্যবস্থা চালু হলে সেই সময় বাঁচবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে মোট ১ কোটি ৬০ লক্ষ ছাত্রছাত্রী রয়েছে। এছাড়া সরকারি স্কুলগুলিতে ৪ লক্ষ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।