RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুরুলিয়ায় অদ্ভুত চুরি, ২৫ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ রেখে গেল চোর

পুরুলিয়ার মানবাজার এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকা চুরি হলেও, চোর রেখে গেল ২ লক্ষ টাকা।

পুরুলিয়ার মানবাজার এলাকায় একটি অদ্ভুত চুরির ঘটনা সামনে এসেছে। এক ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটলেও, চোর সব টাকা নিয়ে যায়নি। ব্যবসায়ী বীরেন দুবের দাবি, তাঁর শোবার ঘরে থাকা একটি বাক্সে মোট ২৫ লক্ষ টাকা রাখা ছিল। মঙ্গলবার রাতে তিনি কালীপুজো দেখতে গিয়েছিলেন। সেই সুযোগেই চোর বাড়িতে ঢুকে ক্যাশ বাক্সটি নিয়ে পালায়।

পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়ী দেখেন ঘর থেকে টাকার বাক্স উধাও। এরপর খোঁজাখুঁজি শুরু হলে বাড়ির পাশের একটি কুয়োর ধার থেকে ভাঙা অবস্থায় বাক্সটি উদ্ধার হয়। বাক্সটি খুলে দেখা যায়, সেখানে চারটি ৫০০ টাকার বান্ডিল অর্থাৎ মোট ২ লক্ষ টাকা রয়ে বাকি ২৩ লক্ষ টাকা গায়েব। সর্বস্ব না হারিয়ে অবাক হয়ে যান ব্যবসায়ী।

গোটা ঘটনাটি পুলিশকে জানানো হয়। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পাড়া থানার পুলিশ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।