ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সংসদের বিশেষ অধিবেশনের প্রস্তুতি, দিল্লি যাওয়ার নির্দেশ বিজেপি সাংসদদের
নভেম্বরের শেষ দশকে বসতে পারে সংসদের বিশেষ অধিবেশন, আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে তৎপর বিজেপি।
নভেম্বরের শেষ দিকে বসতে পারে সংসদের বিশেষ অধিবেশন। এই সময়ে সব সাংসদকে দিল্লিতে থাকার নির্দেশ দিয়েছে বিজেপি। লোকসভার আসন বাড়ানোর একটি বিশেষ বিল এই অধিবেশনে পাস করানোর পরিকল্পনা রয়েছে।
বিশেষ সূত্রে পাওয়া একটি বার্তা অনুযায়ী, আগামী ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সাংসদদের বাইরে ভ্রমণ না করতে বলা হয়েছে। এই বার্তা পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ থেকে জয়ী বিজেপি সাংসদদের উদ্দেশ্যে। সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব রয়েছে ওই বিলে।
সংবিধান সংশোধনী বিলটি পাস করানোর জন্য উভয় সভাতেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। বর্তমান সংখ্যাতত্ত্বে এনডিএর পক্ষে একা এই সমর্থন জোগাড় করা কঠিন। সেই কারণে অন্যান্য দলগুলির সমর্থন আদায়ের চেষ্টা চলছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, ডিএমকে এবং সমাজবাদী পার্টির মতো দলগুলির সমর্থন পেতে পারে এই বিল।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে এই বিলটি পাস করানো সম্ভব হয়নি। তবে দলের শীর্ষ নেতৃত্বের দাবি, এখন প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা সম্ভব হবে। সব রাজ্যের জন্যই লোকসভা আসন বাড়ানোর প্রস্তাব থাকায় আঞ্চলিক দলগুলির সমর্থন মিলতে পারে বলে মনে করা হচ্ছে।