RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পানিহাটিতে বিজেপি কর্মী খুনের তদন্তে গেল দলীয় কমিটি, রাহুল সিনহার মন্তব্য

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করল দলের গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করল দলের তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বৃহস্পতিবার মৃত কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। এই দলের প্রধান রাহুল সিনহা জানান, তারা বিষয়টি সম্পূর্ণভাবে খতিয়ে দেখতে চান এবং কোনও কিছু ধামাচাপা দিতে চান না। গত শনিবার পানিহাটির ঈশ্বর চট্টোপাধ্যায় রোডে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত হয়। অভিযোগ, বিজেপির স্থানীয় যুব মোর্চা সভাপতি রাজদীপ দাস ও তার দলবল ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয়। সেই গোলমাল থামাতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় মণ্ডল সম্পাদক রুমা সাহা এবং তার স্বামী অরূপ সাহা। পরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে অরূপবাবুকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা রুজু করা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনার সত্যতা যাচাই করতে একটি কমিটি গঠন করেন। অন্যদিকে, এই ঘটনার পর দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন স্থানীয় বিধায়ক।