পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজনীতি নিয়ে মন্তব্য নয়, বিজেপির যুব মোর্চাতেও কড়া নির্দেশ
নেতা-মন্ত্রীদের পর এবার দলের যুব মোর্চাতেও রাজনৈতিক বিষয়ে মুখ খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করল বিজেপি।
সংবাদমাধ্যমের সামনে রাজনৈতিক বা দলের বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে রাশ টানল বিজেপি। দলের যুব মোর্চার নেতাকর্মীদেরও এই বিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার সল্টলেকের দলীয় কার্যালয়ে যুব মোর্চার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক সৌমিত্র খান, যুব মোর্চার সভাপতি অমিত সামন্ত সহ অন্যান্য পদাধিকারীরা। বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য প্রশাসন বা রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে কর্মীদের। পাশাপাশি, জেলাস্তরে বা অন্য কোথাও যাতে যুব মোর্চার কোনও কর্মী তোলাবাজি কিংবা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়েও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিনের বৈঠকে বিভিন্ন জেলার নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে কাজের পরিধিও ভাগ করে দেওয়া হয়। সম্প্রতি রাজ্য সরকার এবং বিজেপির অন্দরেও সংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। দলের অন্দরে এই নির্দেশিকা জারির পর এবার যুব মোর্চাতেও সেই নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।