RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শিলিগুড়িতে কাজের বরাত দেওয়ার নামে কোটি টাকা তোলার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা

কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে এক কোটি টাকা তোলার অভিযোগে বিজেপি নেতা রিভা লামাকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ।

ঠিকা কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রিভা লামা। তিনি দার্জিলিং বিধানসভার বিধায়ক নোমান রাইয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে দার্জিলিং জেলা বিজেপির এক পদাধিকারী ও তাঁর পরিবার ওই টাকা দিয়েছিলেন। সেবক থেকে রংপো রেল প্রকল্পের একটি স্টেশনের নির্মাণকাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওই অর্থ স্থানান্তর করা হয়েছিল। অংশীদারির শর্ত নিয়ে বিরোধ বাধার পর টাকা ফেরত চাওয়া হলে অভিযুক্ত তা দিতে অস্বীকৃত জানান বলে অভিযোগ।

আইনি নোটিস পাঠানো হলেও কোনো সদুত্তর মেলেনি। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শনিবার রাতে শিলিগুড়ির একটি শপিংমল থেকে পুলিশ রিভা লামাকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।