RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বউদি ও ভাবী সম্বোধন বর্জনের দাবি, বিতর্কে মুর্শিদাবাদের বিজেপি নেতা

সমাজ থেকে বউদি এবং ভাবী সম্বোধন তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন মুর্শিদাবাদের এক বিজেপি নেতা।

সমাজ থেকে বউদি এবং ভাবী কালচার খতম করার ডাক দিলেন মুর্শিদাবাদ বিজেপি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। হরিহরপাড়া থানার ভবানীপুর গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এই ধরনের সম্বোধনের জেরে সমাজে নানা ক্ষতিকর বিষয় তৈরি হয়।

বিষ্ণুচরণ শিকদার জানান, রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া কাউকে বউদি বা ভাবী বলা উচিত নয়। মামাতো বা পিসতুতো দেওর ছাড়া অন্য কাউকে এই নামে ডাকা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছেন তিনি। এর পরিবর্তে দিদি বা বোন বলে ডাকার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা। তাঁর মতে, মহিলারা নিজে থেকেই এই সম্বোধন বর্জন করবেন এবং নিজেদের দিদি বা বোন হিসেবে পরিচয় দেবেন।

পাশাপাশি যুবসমাজকে 'বন্ধু কালচার' বন্ধেরও আহ্বান জানিয়েছেন ওই বিজেপি নেতা। তাঁর পরামর্শ, বন্ধুদের বাড়িতে না ডেকে চায়ের দোকান বা মন্দিরের মতো বাইরে দেখা করা উচিত। এই ধরনের সংস্কৃতি সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে। এই ধরনের সম্পর্কের সমীকরণকে অন্যভাবে দেখা উচিত নয় বলে মত অনেকের। আবার কেউ কেউ তাঁর এই বক্তব্যকে সমর্থনও করেছেন।