পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, উলুবেড়িয়ায় বিতর্কে বিজেপি নেতা
দলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিতর্কে জড়ালেন উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ।
দলেরই একাংশের বিরুদ্ধে তোলাবাজির গুরুতর অভিযোগ তুললেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। তাঁর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।
বৃহস্পতিবার উলুবেড়িয়ার কৈজুরিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ দাবি করেন, জেলা কার্যালয় পরিচালনার সঙ্গে যুক্ত দলের একটি অংশ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তিনি বলেন, ভোটের আগের ও পরের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিট খতিয়ে দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। তিনি আরও বলেন, মাত্র ছয় থেকে আট মাস সরকারে এসেছে ভেবে যারা চূড়ান্ত তোলাবাজি চালাচ্ছেন, তারা শুধরে যান। মানুষ সব দেখছে। উল্লেখ্য, ২৬-এর বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়ে পরাজিত হয়েছিলেন তিনি। এলাকায় আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই নেতার মন্তব্য নিয়ে অস্বস্তিতে দলীয় নেতৃত্ব।
যদিও স্বামী মঙ্গলানন্দের মন্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ হাওড়া গ্রামীণ ইউনিট বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত। তিনি জানান, ওই নেতা বর্তমানে দলের কোনও সাংগঠনিক পদে নেই। কেন তিনি এই মন্তব্য করেছেন, তা তাঁর থেকেই জেনে নেওয়া ভালো বলে মন্তব্য করেছেন জেলা সভাপতি। অন্যদিকে, এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। সিপিএম নেতা সাবিরউদ্দিন মোল্লা দাবি করেছেন, অতীতে তৃণমূলে থেকে যারা তোলাবাজি করত, তারাই এখন বিজেপিতে ভিড়ে একই কাজ চালিয়ে যাচ্ছে।