RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

অসুস্থ কবিপত্নীকে দেখতে বেলেঘাটায় শমীক ভট্টাচার্য, শোনালেন স্মৃতিকথা

অসুস্থ কবিশক্তি চট্টোপাধ্যায়ের স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়কে দেখতে বেলেঘাটায় তাঁর বাড়ি গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

প্রয়াত কবি শক্তি চট্টোপাধ্যায়ের অসুস্থ স্ত্রী মীনাক্ষী চট্টোপাধ্যায়কে দেখতে বেলেঘাটায় তাঁর বাড়ি গেলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কবির বাড়িতে গিয়ে মীনাক্ষীদেবীর সঙ্গে দেখা করেন তিনি। কবিপত্নীর অসুস্থতার খবর পেয়ে তাঁর ছেলের ডাকেই সেখানে যান শমীক। বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কবি শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় হয়ে উঠতে পারতেন না যদি মীনাক্ষী দেবী তাঁর স্ত্রী না হতেন।

শক্তির ছাত্র হিসেবে একসময়ে কবির সঙ্গে শমীকের পুরনো সম্পর্কের রসায়ন ছিল। শনিবার সেই পুরনো স্মৃতিতে ডুব দেন শমীক। তিনি জানান, বহু বছর আগে বেলেঘাটায় ট্যাক্সিতে ফেরার সময় কবি তাঁকে চড় মেরেছিলেন। এদিন সাংবাদিকদের কাছে শমীক স্পষ্ট জানিয়ে দেন, এই সাক্ষাতের মধ্যে যেন কোনও রাজনীতি খোঁজা না হয়। মীনাক্ষীদেবী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও লেখালেখি চালিয়ে যাচ্ছেন। এদিন শমীককে তাঁর লেখা ‘আন্তরিক পর্যটনে’ বইটি উপহার দেন তিনি।

মীনাক্ষীদেবী বিভিন্ন বিশিষ্ট মানুষের স্কেচও করেছেন, যা এদিন শমীককে দেখান। কবির জীবন সাধারণ মানুষের মতো মসৃণ ছিল না উল্লেখ করে শমীক জানান, শক্তি চট্টোপাধ্যায়ের উত্থান-পতনকে স্পর্শ করা এবং তাঁকে সহ্য করার ক্ষেত্রে মীনাক্ষীদেবীর অবদান অনস্বীকার্য। শক্তি চট্টোপাধ্যায়ের জীবনযাত্রার নানা দিক এবং তাঁদের রসায়ন নিয়ে এদিন মুখ খোলেন শমীক ভট্টাচার্য।