RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পরিবার বাদে অন্য কাউকে বৌদি বলা নিষেধ, হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

পরিবারের বাইরে কাউকে বৌদি বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিজেপির এক জেলা নেতা, অন্য দিকে কাটোয়ায় টাকা চাওয়ার অডিও ঘিরে অস্বস্তিতে দল।

পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো মহিলাকে ভাবি বা বৌদি সম্বোধন করা যাবে না। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় একটি প্রকাশ্য জনসভায় এমন মন্তব্য করেন বিজেপির দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। তাঁর এই দাবি ঘিরে এলাকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিষ্ণুচরণবাবু বলেন, বয়সের কথা মাথায় রেখে মহিলারা বড় হলে তাঁদের দিদি এবং ছোট হলে বোন বলতে হবে। সমাজ থেকে তথাকথিত বৌদি সংস্কৃতি সম্পূর্ণ মুছে ফেলতে হবে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে বন্ধুদের বাড়িতে ডেকে পাঠানো নিয়েও তিনি কিছু নির্দেশিকা দেন সভায়।

অন্য একটি ঘটনায় পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক বিজেপি নেতার বিরুদ্ধে আর্থিক দুনীর্তির অভিযোগ তুলেছে কংগ্রেস। দলটির দাবি, ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে কাটোয়া চার নম্বর মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষকে টাকা চাওয়া এবং মামলা মিটিয়ে দেওয়ার কথা বলতে শোনা গেছে। অডিওটিতে আবাস যোজনার দুর্নীতির প্রসঙ্গ তুলে টাকা নেওয়ার দরদাম করা হয়েছে বলে অভিযোগ।

ভাইরাল হওয়া ওই অডিওর বিষয়ে অভিযুক্ত বিজেপি নেতা সূর্যদেব ঘোষ দাবি করেছেন, ব্যবসা সংক্রান্ত লেনদেনের জন্যই ওই টাকা চাওয়া হয়েছিল। এই ঘটনার পর স্থানীয় বিজেপি বিধায়ক আশ্বাস দিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয় স্তরে উপযুক্ত পদক্ষেপ করা হবে।