RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিরোধী সমর্থকদের বাড়িতে মেয়ের বিয়ে দেবেন না, নিদান বিজেপি নেতার

কমিউনিস্ট ও কংগ্রেস সমর্থকদের বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সোমেন মণ্ডল।

কমিউনিস্ট ও কংগ্রেস সমর্থকদের বাড়িতে মেয়ের বিয়ে না দেওয়ার নিদান দিলেন বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সোমেন মণ্ডল। লালবাগের পাঁচরাহা মোড়ে এক সভায় এই মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবারের ওই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশংকর ঘোষ। সোমেন মণ্ডল সভায় বলেন, সিপিএম এবং কংগ্রেস সহযোগীদের বাড়িতে কেউ মেয়ের বিয়ে দেবেন না। তাঁদের থেকে দশ হাত দূরত্ব বজায় রাখার কথাও বলেন তিনি। পাশাপাশি, বিরোধীদের চায়ের দোকান থেকেও দূরে থাকার পরামর্শ দেন এই বিজেপি নেতা। তিনি আরও জানান, রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি এরা দেশের শত্রু। দেশবিরোধিতায় নামলে রাস্তায় নেমে তাদের জবাব দেওয়ার আহ্বান জানান তিনি। কংগ্রেস নেতা অর্ণব রায় এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, লালবাগের সংস্কৃতির সঙ্গে এটি মানানসই নয়। সিপিআইএম নেতা মনু শেখ বলেন, ক্ষমতার দম্ভ থেকে এসব কথা বলা হচ্ছে। বিতর্ক তৈরি হলেও নিজের মন্তব্য থেকে সরে আসেননি সোমেন মণ্ডল। তিনি সাফ জানান, যাঁরা দেশবিরোধী স্লোগান বা বক্তব্য সমর্থন করেন, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখা উচিত নয়। পাড়ায় সিপিএম ও কংগ্রেস করলে তাদের একঘরে করে দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি।