RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বেসরকারি সংস্থায় কর্মসংস্থান, বিধায়কের উদ্যোগে চাকরি পেলেন বহু তরুণ

বেসরকারি সংস্থায় কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।

রাজ্যের বেকার সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। সরকারি চাকরির আশা বাদ দিয়ে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ করে দিতে তিনি ‘উড়ান ১০০০+’ নামের একটি কর্মসূচির আয়োজন করেন।

শনিবার কেষ্টপুরে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়। রাজারহাট-গোপালপুর সহ দমদম লোকসভা কেন্দ্র এবং সংলগ্ন এলাকার তরুণ-তরুণীদের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরির ব্যবস্থা করা হয়। এক ছাদের তলায় একাধিক সংস্থাকে ডেকে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।

বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন, এই কর্মসূচিতে ৯ হাজারের বেশি প্রার্থী নাম নথিভুক্ত করেছিলেন। প্রথম দিনে ৭০০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং রবিবার আরও ৮০০ জনকে নিয়োগপত্র দেওয়া হবে বলে তিনি জানান। দুই দিনে মোট দেড় হাজার চাকরিপ্রার্থীকে সুযোগ করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা ন্যূনতম ১২ হাজার থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা পর্যন্ত বেতনের চাকরি পেয়েছেন। সেলস, নার্সিং, নিরাপত্তা এবং ম্যানেজমেন্টের মতো বিভিন্ন বিভাগে নিয়োগ করা হয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই উদ্যোগ সফল হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক।