RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সোনিয়া গান্ধীর মারুতির মালিকানা নিয়ে বিস্ফোরক অভিযোগ, নিশানা বিজেপি সাংসদের

বিদেশি নাগরিক থাকাকালীনই সোনিয়া গান্ধীকে মারুতির মালিকানা দেওয়া হয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।

বিদেশের নাগরিক থাকা সত্ত্বেও সোনিয়া গান্ধীকে মারুতির দায়িত্ব দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় এই নিয়মবহির্ভূত কাজ হয়েছিল বলে দাবি তাঁর।

নিশিকান্ত দুবের অভিযোগ, বিদেশি হওয়া সত্ত্বেও একটি মারুতি সংস্থার অর্ধেকের বেশি শেয়ারের মালিক ছিলেন সোনিয়া। ১৯৭০ সালে সঞ্জয় গান্ধী তাঁর সঙ্গে এই চুক্তি করেন। মারুতি টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড নামের ওই সংস্থায় সোনিয়ার এই মালিকানা নিয়মবিরুদ্ধ ছিল বলে দাবি বিজেপি সাংসদের।

পাশাপাশি তাঁর আরও দাবি, মারুতি সংস্থাটি ১৯৭০ সালে তৈরি হলেও ১৯৬৮ সালেই গাড়ি তৈরির অনুমতি পায়। সেই চিঠি দেখিয়ে হরিয়ানা সরকার থেকে জমি পেয়েছিল তারা। অথচ সেই সময়কার আইন অনুযায়ী বিদেশি নাগরিকের সংস্থাকে এমনভাবে জমি দেওয়া যেত না। এছাড়া ১৯৭২ সালে মারুতির প্রসারের জন্য সঞ্জয় গান্ধী সরকারি খরচে বিদেশে গিয়েছিলে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

দীর্ঘদিন ধরেই গান্ধী পরিবারকে নিয়ে নানা প্রশ্ন তুলছেন নিশিকান্ত। বুধবার সেই ধারাবাহিকের আড়াইশোতম প্রশ্ন হিসেবে এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি। এ বিষয়ে সোনিয়া গান্ধীকে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন এই বিজেপি সাংসদ।

উল্লেখ্য, সঞ্জয় গান্ধীর গড়া মারুতি সংস্থাটি পরে সরকারের মধ্যস্থতায় সুজুকির হাতে যায়। ১৯৭৭ সালে ইন্দিরা গান্ধীর সরকার পতনের পর মারুতির কাজকর্ম নিয়ে তদন্ত হলেও বিশেষ কোনো বেনিয়মের প্রমাণ মেলেনি।