RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নেতা-মন্ত্রীদের বেফাঁস মন্তব্যে অস্বস্তি, কড়া পদক্ষেপের ভাবনা বিজেপির

মন্ত্রী ও বিধায়কদের লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে অস্বস্তিতে প়ড়েছে শাসক দল, দলের অন্দরমহলে কড়া পদক্ষেপের জল্পনা।

শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের একাংশের লাগাতার বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে অস্বস্তি বাড়ছে। দলের অন্দরমহল সূত্রে খবর, এই পরিস্থিতি সামাল দিতে এবার আরও কড়া পদক্ষেপের কথা ভাবছে বঙ্গ বিজেপি।

এর আগে শৃঙ্খলা বজায় রাখতে দলের তরফে মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি এবং নির্দিষ্ট তিন মন্ত্রী ছাড়া অন্য কারও প্রকাশ্যে মন্তব্য করার ওপর রাশ টানা হয়েছিল। কিন্তু তারপরেও দিলীপ ঘোষ, অর্জুন সিং ও শারদ্বত মুখোপাধ্যায়ের মতো মন্ত্রী-নেতাদের নানা মন্তব্য ঘিরে বিতর্ক থামছে না। সম্প্রতি দিলীপ ঘোষের এনকাউন্টার সংক্রান্ত মন্তব্য এবং বাংলা সিনেমা নিয়ে তাঁর বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে। অন্যদিকে, পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ সম্পর্কিত মন্তব্য এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের একটি রাজনৈতিক ভিডিও প্রকাশ্যে আসায় দল বিব্রত হয়েছে।

দলীয় বৈঠকে বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও নেতা-মন্ত্রীদের একাংশ তা উপেক্ষা করছেন বলে অভিযোগ। এর ফলে বিরোধীরা সমালোচনার সুযোগ পাচ্ছে বলে মনে করছে দলের একাংশ। এই পরিস্থিতিতেই বিকল্প কড়া পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।