পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
দুর্গাপুরে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, শুরু হল পুলিশি তদন্ত
দুর্গাপুরের ফরিদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে গভীর রাতে হামলা চালিয়ে ভাঙচুর ও ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
দুর্গাপুরের ফরিদপুর এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার গভীর রাতে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে হামলা চালায়। কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ছাড়াও পতাকা ও ফেস্টুন নষ্ট করা হয়। মাটিতে ফেলে দেওয়া হয় দলীয় নেতৃত্বের ছবি। পাশাপাশি সিসি ক্যামেরার সংযোগও কেটে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিজেপির তরফে এই ঘটনাকে একটি সুপরিকল্পিত হামলা হিসেবে দাবি করা হয়েছে। দলের স্থানীয় নেতৃত্ব ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। দুর্গাপুর দুই নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি নিরঞ্জন মণ্ডল জানান, জঘন্য কাজ করা হয়েছে এবং পুলিশ আধিকারিকদের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে ঘটনার উপযুক্ত তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।