RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিচুতলায় রদবদল বিজেপির, নতুন বছরেই পরিবর্তনের পথে রাজ্য নেতৃত্ব

দলীয় শৃঙ্খলার কথা মাথায় রেখে নতুন বছরের শুরুতেই বুথ ও মণ্ডল স্তরে বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিল বঙ্গ বিজেপি।

দলের অন্দরে শৃঙ্খলা বজায় রাখতে বড় পদক্ষেপের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। নিচুতলার কর্মী ও নেতাদের একাংশের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জেরে অস্বস্তিতে পড়েছে শীর্ষ নেতৃত্ব। দলীয় কার্যালয়ে একাধিক নেতার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে অনেককে শোকজ বা সাসপেন্ড করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে সাংগঠনিক স্তরে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী নতুন বছরের শুরুতেই মণ্ডল ও বুথ স্তরের কমিটিতে বড়সড় রদবদল করার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। দলের শীর্ষ মহলের নির্দেশ, যাঁদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে কিংবা এলাকায় যাঁদের গ্রহণযোগ্যতা কমেছে, তাঁদের সরিয়ে নতুন ও দক্ষ মুখগুলিকে দায়িত্ব দেওয়া হবে। স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদের সামনে এনে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে দল।

রাজ্য বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্য কমিটি ও কয়েকটি জেলায় সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। আগামী দিনে রাজ্যে থাকা তেরোশোর বেশি মণ্ডল কমিটির মধ্যে পাঁচশোরও বেশি কমিটির সভাপতি পদে বদল আসতে পারে। মণ্ডল স্তরের পর বুথ কমিটিতেও বড় ধরনের পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে।

দলীয় সূত্রে দাবি করা হচ্ছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন জায়গা থেকে অনেকে দলে যোগ দিয়েছেন। দলের একাংশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে বারবার সতর্কবার্তা দিয়েছেন। এই পরিস্থিতি সামাল দিতে এবং সংগঠনের রাশ নিজেদের হাতে রাখতে নিচুতলা থেকে সংস্কারের কাজ শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।