পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রানাঘাটে তোলাবাজির অভিযোগে ধৃত বিজেপি নেত্রী, হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সাংসদের
তোলাবাজি ও নানা অভিযোগে রানাঘাটে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেত্রী। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন স্থানীয় সাংসদ।
মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজি এবং স্কুটি থেকে মদের বোতল উদ্ধারের অভিযোগে গ্রেপ্তার হলেন এক বিজেপি নেত্রী। ধৃতের নাম পিয়ালী বিশ্বাস। তিনি কৃষ্ণগঞ্জের প্রাক্তন মণ্ডল সভানেত্রী। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার রানাঘাটে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে রানাঘাটের একটি এলাকায় জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রতিবাদ জানান পিয়ালী। তিনি ফেসবুক লাইভ করে জুয়ার আসর বন্ধ করার দাবি তোলেন। সেই সময় স্থানীয়দের সঙ্গে তাঁর বিবাদ হয়। এরপর তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজি, টাকা না দিলে মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ জমা পড়ে থানায়। অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
শুক্রবার ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে এই গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ জানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, জুয়ার ঠেকের প্রতিবাদ করায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে পিয়ালীকে। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন সাংসদ।
ঘটনা ঘিরে দলের অন্দরেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘদিনের এই নেত্রীর গ্রেপ্তারির নেপথ্যে দলের অন্দরের কোন্দল রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।