পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি তোলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি কর্মী
রাজপুর-সোনারপুরে অন্নপূর্ণা যোজনার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। দলেরই স্থানীয় নেতার অভিযোগে নরেন্দ্রপুর থানায় এফআইআর দায়ের হয়েছে।
রাজপুর-সোনারপুর পুরসভার বোড়াল এলাকায় অন্নপূর্ণা যোজনার নাম করে কাটমানি তোলার অভিযোগ উঠল। অভিযুক্ত পার্থ সাহা নামে এক বিজেপি কর্মী। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকারি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে ওই বিজেপি কর্মী জোর করে টাকা তুলছেন। টাকা না দিলে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পরেই পার্থ সাহা নামে ওই ব্যক্তি মন্দিরের কাজ এবং পুজো মণ্ডপের জন্য ৫০০ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত চাঁদা বা কাটমানি দাবি করেন। যাঁরা টাকা দিতে অস্বীকার করেন, তাঁদের নানাভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
বিজেপিরই মণ্ডল সহ সভাপতি বরুণ হালদার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, ৩৩ নম্বর ওয়ার্ডে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে স্থানীয় মহিলাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে রাজ্য কমিটির সঙ্গে যুক্ত বলে প্রভাব খাটাতেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি কর্মী পার্থ সাহা। তাঁর দাবি, তিনি কারও কাছ থেকে কোনও টাকা নেননি এবং অন্নপূর্ণা যোজনার নাম করে কাউকে হুমকিও দেননি। রাজনৈতিক জীবন থেকে তিনি কখনও এক পয়সাও নেননি বলে দাবি করেছেন অভিযুক্ত।