RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিকাশি নালায় ৮ শতাংশ তোলা চাওয়ার অভিযোগ, কদম্বগাছিতে মারধর বিজেপি কর্মীকে

নিকাশি নালা তৈরির কাজ থেকে তোলা চাওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে এক বিজেপি কর্মীকে ধাওয়া করে মারধর করলেন স্থানীয় বাসিন্দারা।

উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে একটি নিকাশি নালা তৈরির কাজ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। কাঁচা নিকাশি নালা পাকা করার কাজ করার সময় ঠিকাদারের কাছ থেকে ৮ শতাংশ তোলা বা কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

ঠিকাদার আব্বাস আলির অভিযোগ, সাধন মণ্ডল নামে এক বিজেপি কর্মীর নেতৃত্বে তাঁর কাছে তোলা চাওয়া হয়। পাশাপাশি, কাজ চালু রাখতে হলে সমস্ত ইমারতি সামগ্রীও ওই বিজেপি কর্মীদের কাছ থেকেই কিনতে হবে বলে চাপ দেওয়া হয়। কাজ বন্ধ করে দিয়ে তাঁকে টোটোয় করে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন ঠিকাদার।

এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্ত বিজেপি কর্মী সাধন মণ্ডলকে ঘিরে ফেলেন এবং তাঁকে ধাওয়া করে বেধড়ক মারধর করেন। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, কোনও রকম তোলা চাওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, যে নিকাশি নালা নিয়ে বচসা শুরু হয়েছিল, তা আগের সরকারের আমলেই অনুমোদিত হয়েছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পক্ষেই থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।