পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পানিহাটিতে গন্ডগোল, মৃত্যু বিজেপি কর্মীর
পানিহাটিতে ব্যবসায়ীর ওপর হামলাকে কেন্দ্র করে বচসা ও ধস্তাধস্তিতে মৃত্যু হল এক বিজেপি কর্মীর।
পানিহাটিতে রাজনৈতিক সংঘাতে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত বিজেপি কর্মীর নাম অরূপ সাহা। তিনি পানিহাটির ঈশ্বর চ্যাটার্জি রোডের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, পানিহাটিতে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ ওঠে, বিজেপি কর্মীদের একাংশ ওই ব্যবসায়ীর ওপর চড়াও হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমে এই হামলার প্রতিবাদ করেন পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক রুমা সাহা। সেই সময় তাঁকেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপর রুমা দেবীকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ, সেই সময় ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। এর জেরে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন অরূপ বাবু। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও দলের একাংশ। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর দাবি, যাঁরা তৃণমূলকংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরাই এই হামলার নেপথ্যে রয়েছে।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। তিনি অভিযোগ করেন, শাসকদল থেকে আসা দুষ্কৃতীরাই এখন দলে ঢুকে নানা রকম ঝামেলা পাকাচ্ছে। জেলা নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সমস্ত ঘটনা খতিয়ে দেখে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।