RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু, পুরভোট নিয়ে বাম-তৃণমূলকে তোপ শমীকের

পানিহাটিতে দলীয় কোন্দল ও ধাক্কাধাক্কির জেরে এক বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অন্যদিকে পুরভোট নিয়ে বাম ও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

পানিহাটিতে এক বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। নিহত বিজেপি কর্মীর নাম অরূপ সাহা। তিনি পানিহাটির ঈশ্বর চ্যাটার্জি রোডের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, পানিহাটিতে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। বিজেপি কর্মীদের একটি অংশের বিরুদ্ধেই ওই ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ ওঠে। প্রথমে সেই হামলায় বাধা দেন বিজেপির মণ্ডল সম্পাদক রুমা সাহা। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গালিগালাজ করেন দলেরই কিছু কর্মী। সেই সময় রুমা দেবীকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর স্বামী অরূপ সাহা। অভিযোগ উঠেছে, ধাক্কাধাক্কির জেরে বাড়িতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। নিহত বিজেপি কর্মীর স্ত্রীর দাবি, যাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁরাই এই হামলা চালিয়েছেন। এই ঘটনায় পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথও সরব হয়েছেন। তাঁর অভিযোগ, তৃণমূল থেকে আসা দুষ্কৃতীরা বিজেপিতে ঢুকে হামলা চালাচ্ছে। অন্যদিকে, এই ঘটনার পাশাপাশি পুরভোট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম ও তৃণমূলকে একযোগে নিশানা করেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি দাবি করেন, ভোট পিছোতেই তৃণমূল ও সিপিএম একজোট হয়েছে। তাঁর আরও অভিযোগ, কলকাতা ও হাওড়ায় মানুষের পরিষেবা বন্ধ করে দিয়েছে তৃণমূল।