পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যু, ফ্যাক্ট ফাইন্ডিং টিম গড়ল রাজ্য নেতৃত্ব
পানিহাটিতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে, রাজ্য নেতৃত্বের তরফে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে।
পানিহাটিতে তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মী অরূপ সাহার মৃত্যুর ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে এই তিন সদস্যের দল তৈরি হয়েছে। এই দলে রয়েছেন রাহুল সিনহা, নীলাঞ্জন অধিকারী এবং সোনালি মুর্মু।
শনিবার রাতে বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদ করায় আক্রান্ত হন অরূপ সাহা। বাড়িতে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। নিহত কর্মীর পরিবারের অভিযোগ, তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া ব্যক্তিরাই এই হামলার সঙ্গে যুক্ত।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। মৃতের স্ত্রী রুমা সাহা রবিবার খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পানিহাটির বিধায়ক রত্না দেবনাথও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন।