খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
এশিয়া কাপ ফাইনালে বিতর্ক, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি ভারতের
ফাইনালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার প্রতিবাদে বয়কট করা হলো অনুষ্ঠান, ভবিষ্যতে পাক দলের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি ভারতের।
বাংলাদেশে অনুষ্ঠিত ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করায় তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলেও নেট রান রেটের ভিত্তিতে পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয়। এর প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে ভারতীয় দৃষ্টিহীন ক্রিকেট দল। এই বিতর্কের সমাধান না হলে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে আর কোনও ম্যাচ না খেলার হুমকি দিয়েছে ভারত।
ঢাকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। তবে বৃষ্টির কারণে খেলা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে ট্রফি ভাগ করে নেওয়ার কথা। কিন্তু টেকনিক্যাল কমিটির সেই সিদ্ধান্ত খারিজ করে দেন ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল তথা পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধান সুলতান শাহ। তাঁর নির্দেশেই পাকিস্তানকে বিজয়ী ঘোষণা করা হয় বলে অভিযোগ।
ভারতের দৃষ্টিহীন ক্রিকেট বোর্ডের আধিকারিক এবং খেলোয়াড়রা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের দাবি, নিয়ম ভেঙে পাকিস্তানকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। ফাইনাল ম্যাচের জন্য অতিরিক্ত দিন থাকা উচিত ছিল বলেও মত প্রকাশ করেছেন তাঁরা। পক্ষপাতিত্বের এই ঘটনার প্রতিবাদে ভবিষ্যতে পাক দলের বিরুদ্ধে সমস্ত ম্যাচ বয়কটের পথে হাঁটার কথা ভাবছে ভারত।