RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

দমদমে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বাবা-ছেলের মৃতদেহ, ছড়িয়েছে তীব্র গ্যাসের গন্ধ

দমদমের শেঠবাগানে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল বাবা ও ছেলের মৃতদেহ। ফ্ল্যাটের ভিতর থেকে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দমদমের শেঠবাগান এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে বাবা এবং তাঁর পালিত পুত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম তপনকুমার চট্টোপাধ্যায় এবং এম ডি হোসেন ওরফে সূর্য। তপনকুমারবাবু একজন বেসরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন এবং সূর্যর বয়স ২২ বছর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই ওই বহুতলের তিনতলার ফ্ল্যাটটি ভিতর থেকে বন্ধ ছিল। ভেতর থেকে কোনও সাড়াশ শব্দ না মেলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা সঙ্গে সঙ্গে নাগেরবাজার থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ দেখে, ফ্ল্যাটের দুটি ঘরে দুই জনের দেহ অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সেই সময় ফ্ল্যাটের ভিতর রান্নার গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্যাস সিলিন্ডার লিক করে এই দুর্ঘটনা ঘটেছে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।