কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
দমদমে বন্ধ ফ্ল্যাট থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার, রহস্য
দমদমের শেঠবাগানে একটি বন্ধ ফ্ল্যাট থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।
কলকাতার দমদমের শেঠবাগান এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার একটি আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে তপন কুমার চট্টোপাধ্যায় (৭২) এবং তাঁর দত্তক ছেলে এম ডি হোসেন ওরফে সূর্য (২২)-র দেহ উদ্ধার হয়। তপনবাবু একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন।
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ দু’টি আলাদা ঘর থেকে দু’জনের দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের ভিতরে গ্যাসের গন্ধ পাওয়া গিয়েছে। পাশাপাশি তপনবাবুর শরীরের আঘাতের চিহ্নও মিলেছে। তাঁর কানের পিছনে গভীর ক্ষত ছিল।
পুলিশ সব দিক খতিয়ে দেখছে। এটি দুর্ঘটনা, খুন না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে। তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।