পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে মৃত চার অভিযাত্রীর দেহ ফিরল বাঁকুড়ায়, খোঁজ নেই একজনের
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ের সময় তুষারঝড়ে নিহত বাঁকুড়ার চার অভিযাত্রীর দেহ নিজ নিজ গ্রামে ফিরলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন।
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ে প্রাণ হারানো বাঁকুড়ার চার অভিযাত্রীর দেহ এল নিজ গ্রামে। গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিং রুটে তল্লাশি চালিয়ে এনডিআরএফ এবং এসডিআরএফ দলগুলি দেহগুলি উদ্ধার করে। মৃতদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার শালবনি গ্রামের রিন্টু মণ্ডল, তাপস বাউরী, উদয় ঘোষ এবং কেশরা গ্রামের মনোজ খাওয়াস।
লক্ষ্মীপুজোর আগে বাঁকুড়ার শালবনী গ্রামের চারজন এবং কেশরা গ্রামের একজন সহ মোট পাঁচ বন্ধু গঙ্গোত্রী থেকে কেদারতাল ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নির্দিষ্ট দিনে বেসক্যাম্প থেকে দলের সঙ্গে এগোনোর সময় পথিমধ্যে মারাত্মক তুষারঝড়ের কবলে পড়েন তাঁরা। ওই দলের মোট আটজন অভিযাত্রী নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এরপর উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট বোর্ড, এসডিআরএফ এবং এনডিআরএফ লাগাতার ছয় দিন ধরে উদ্ধারকাজ চালায়। তল্লাশিতে মোট সাতটি দেহ উদ্ধার করা হয়, যার মধ্যে বাঁকুড়ার চার অভিযাত্রীর পরিচয় শনাক্ত করে পরিবার।
দেহগুলি প্রথমে দেরাদুন থেকে দিল্লি এবং সেখান থেকে বিমানে দমদমে আনা হয়। এরপর সড়কপথে সেগুলি বাঁকুড়ায় পৌঁছায়। মৃতদের বাড়িতে দেহ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এই ঘটনায় গোটা শালবনী ও কেশরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। তবে শালবনি গ্রামের অপর অভিযাত্রী রতন ঘোষের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে তল্লাশি চলছে।