ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ইন্দোরে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
আগামী ১৫ নভেম্বর ইন্দোরে দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট হওয়ার কথা রয়েছে, তার আগেই ইমেল মারফৎ এল বোমা হামলার হুমকি।
পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের আসন্ন ইন্দোর কনসার্ট নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আগামী ১৫ নভেম্বর ইন্দোরে গায়কের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তার আগেই ইমেল মারফৎ কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশ হাই কোর্টে পাঠানো একটি ইমেলে এই হুমকিবার্তা এসেছে বলে পুলিশ সূত্রে খবর। ওই একই ইমেলে গোয়ালিয়র হাই কোর্টেও হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হুমকিদাতার সন্ধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আদালত চত্বর ও কনসার্টের সম্ভাব্য স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্প্রতি ইন্দোরের তিনটি বেসরকারি স্কুল এবং মেয়রের কার্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিলজিতের কনসার্ট নিয়ে এই হুমকিবার্তা এল। যদিও দিলজিৎ দোসাঞ্ঝ নিজে জানিয়েছেন, তিনি ইন্দোরে অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। তিনি একটি ভিডিও বার্তায় স্পষ্ট করেছেন যে, সমস্ত পরিস্থিতির মোকাবিলা করে তিনি মঞ্চে ফিরবেন। পুলিশ জানিয়েছে, হুমকি মেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।