RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অমিতাভের বাংলো ও মেট্রো স্টেশনে বোমা হামলার হুমকি, নেপথ্যে খলিস্তানিরা

অমিতাভ বচ্চনের বাংলো এবং মুম্বইয়ের একাধিক মেট্রো স্টেশনে বোমা হামলার হুমকি ই-মেইল পাঠিয়েছে দুষ্কৃতীরা।

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের বাংলো সহ মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার একটি হুমকি ই-মেইল পাওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মুম্বই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, হুমকি ই-মেলে অমিতাভ বচ্চনের ‘জলসা’ বাংলো ছাড়াও বেশ কয়েকটি মেট্রো স্টেশন, মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনারকে নিশানা করা হয়েছে। পাঞ্জাবি, হিন্দি এবং ইংরেজি ভাষায় পাঠানো ওই মেলে খলিস্তানপন্থী স্লোগান এবং ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার উল্লেখ রয়েছে। ই-মেলের শেষে খালিস্তান ন্যাশনাল আর্মি এবং বাব্বর খালসা এই দুটি সংগঠনের নাম রয়েছে বলে জানা গিয়েছে।

আগামী শুক্রবার মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের একটি কনসার্ট রয়েছে। হুমকি ই-মেলে ওই কনসার্ট বন্ধ করার দাবি জানানো হয়েছে। অনুষ্ঠান না থামালে আগামী ৩০ দিন মুম্বইজুড়ে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেলের বিষয়বস্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিরাপত্তা বাড়ানো হয়েছে অমিতাভ বচ্চনের বাংলো সহ একাধিক স্থানে। পাশাপাশি, ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষকে মেট্রো ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।